সোমবার, জুলাই ১৩

আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

দেশজুড়ে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে যে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়েছিলেন, বর্তমান বিএনপি সরকারের অনেকগুলো কর্মসূচির মধ্যে এটি অন্যতম সফল উদ্যোগ হিসেবে দেশজুড়ে চালু রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিন বাটাজোর ইউনিয়নে দুই হাজার ৫০০টি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। একটি নবজাতক শিশুকে যেভাবে যত্নসহকারে মানুষ করতে হয়, ঠিক তেমনি রোপণ করা চারাগুলো নির্দিষ্ট আকারে বড় না হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবাইকে নিতে হবে।

এর আগে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। বরিশালের প্রবেশপথে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেও, তার কঠোর নির্দেশনার কারণে সড়কে কোনো ছবি সংবলিত স্বাগত তোরণ, ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি। গৌরনদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধানমন্ত্রী বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

দুপুরে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *