
|| খাগড়াছড়ি প্রতিনিধি ||
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অস্ত্র ও সংঘাতের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া। তিনি বলেছেন, ৫৩ বছর ধরে সশস্ত্র আন্দোলন করে কোনো মঙ্গল হয়নি। মারামারি করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না। পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উপস্থিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর উদ্দেশে ওয়াদুদ ভূইয়া বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে অস্ত্র ও সংঘাতের পথ পরিহার করতে হবে। পারস্পরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। সন্তু লারমার সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করবেন বলেও তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।
এ সময় তিনি পানছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেন। এর মধ্যে পুজগাং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হোস্টেল, পানছড়ি সিনিয়র মাদ্রাসার নতুন ভবন এবং আদর্শ মুসলিম পাড়ায় নবনির্মিত মসজিদ ভবন উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আবদুর রব রাজা এবং জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজসহ স্থানীয় নেতারা।
