Wednesday, November 25

পানছড়িতে টেলিটক টাওয়ারে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ, সাড়ে চার মাসে ৪ বার চুরি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ছাদে স্থাপিত টেলিটক মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে আবারও চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা টাওয়ারের ক্যাবল ও জেনারেটরের কয়েল চুরি করে নিয়ে গেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চলতি বছরের জুলাই মাস থেকে এ পর্যন্ত একই টাওয়ারে চারবার চুরির ঘটনা ঘটেছে। আগের তিন দফা চুরিতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় চলতি বছরের ১৪ জুলাই ও ২৮ অক্টোবর থানায় দুবার অভিযোগ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় টেলিটকের মোট সাতটি টাওয়ার রয়েছে। এর মধ্যে শুধু পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ছাদে স্থাপিত টাওয়ারটিতেই বারবার চুরির ঘটনা ঘটছে। এতে টেলিটকের নেটওয়ার্ক সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

টেলিটকের টেকনিশিয়ান আবুল কাসেম জানান, রাত আড়াইটার দিকে টাওয়ারে ‘সাইট ডাউন’ দেখায়। সকালে বিষয়টি বুঝতে পেরে টাওয়ারে গিয়ে দেখেন, ক্যাবল নেই এবং জেনারেটরের কক্ষের তালা ভাঙা। পরে চুরির বিষয়টি নিশ্চিত হন।

টেলিটকের খাগড়াছড়ি জেলা প্রকৌশলী মো. ফারুক জানান, এর আগে দুইবার পানছড়ি থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। সর্বশেষ চুরির ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শ্যামলী চাকমা বলেন, সকালে কলেজে এসে বিষয়টি জানতে পেরেছি। এর আগের চুরির ঘটনাগুলো সম্পর্কে অবগত ছিলাম না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে কলেজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।

এ বিষয়ে জানতে চাইলে, পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য জানান, আগের অভিযোগ পাওয়ার পর থেকেই এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে আজকের চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই টাওয়ারে বারবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। টাওয়ারটির নিরাপত্তা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *