Wednesday, November 25

ইবির ৫ম সমাবর্তনের নিবন্ধন ফি কমল, সময় বাড়ল ১০ ডিসেম্বর পর্যন্ত

|| ইবি প্রতিনিধি ||

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধন ফি কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, নিয়মিত শিক্ষার্থীদের সমাবর্তন নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি কমিয়ে ৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে। তবে অন্যান্য ফি অপরিবর্তিত থাকবে।

আদেশে আরও উল্লেখ করা হয়, সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য অভিভাবক উপস্থিত থাকতে পারবেন। এ ছাড়া ইতিপূর্বে যাঁরা পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকা ফি দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।

জানা যায়, ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ৪ নভেম্বর সমাবর্তন প্রচার উপকমিটির বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিবন্ধন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে শিক্ষার্থীদের দাবির মুখে প্রথম দফায় ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ঘোষণা করা হয়। এতেও শিক্ষার্থীদের অসন্তোষ ও আর্থিকভাবে পিছিয়ে পড়ার আশঙ্কা থাকায় দ্বিতীয় দফায় ফি কমিয়ে ৪ হাজার এবং সদ্য স্নাতক শেষ করা দুটি শিক্ষাবর্ষের জন্য ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করল প্রশাসন।

এদিকে আজ বুধবারই ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় সমাবর্তন ফি অনধিক ৩ হাজার টাকা এবং বেসরকারি চাকরিজীবীদের বেতন পাওয়ার সুবিধার্থে নিবন্ধনের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত করার আহ্বান জানানো হয়েছিল। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ফি কমানো ও সময় বৃদ্ধির এই অফিস আদেশ জারি করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *