
|| নিজস্ব প্রতিবেদক ||
উপমহাদেশের প্রাচীনতম মাদরাসা ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর)। এ উপলক্ষে সংগঠনের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশেষ আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বরেণ্য শিক্ষাবিদ এবং ইসলামিক স্কলারদের অংশগ্রহণের কথা রয়েছে।
ইতিহাস থেকে জানা যায়, অধিকারবঞ্চিত মাদরাসা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং দ্বীনি শিক্ষার স্বতন্ত্র পরিবেশ ও আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষার আন্দোলনকে সুসংগঠিত করার লক্ষ্যে ১৯২৯ সালে কলকাতার মুসলিম হলে এক ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে সংগঠনটির জন্ম হয়। ফুরফুরার পীর সাহেব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক (রহ.)-এর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ সংগঠনের নেতৃত্বের ভার গ্রহণ করেছিলেন মুসলিম সাংবাদিকতার জনক মাওলানা আকরাম খাঁ ও সুসাহিত্যিক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী। প্রায় শতবর্ষের পথে হাঁটতে থাকা অরাজনৈতিক এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য আলেম ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাঁদের অধিকার আদায়ে নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছে।
সংশ্লিষ্টরা জানান, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফসল হিসেবে স্বায়ত্তশাসিত মাদরাসা বোর্ড ও মাদরাসা অধিদপ্তর প্রতিষ্ঠা, দাখিল-আলিম ও ফাজিল-কামিলের মানোন্নয়ন, মাদরাসা শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ একটি অ্যাফিলিয়েটিং ক্ষমতাসম্পন্ন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি বাস্তবায়িত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন শান্তিডাঙ্গা-দুলালপুরে স্বাধীনতার পর দেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ২০১৩ সালে ঢাকায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
তবে সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ, যে লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় দুটি প্রতিষ্ঠা করা হয়েছিল, কার্যক্ষেত্রে তা আজও উপেক্ষিত। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেবল থিওলজি অনুষদের কয়েকটি বিভাগ ছাড়া সামগ্রিক শিক্ষাকাঠামো ও পরিবেশে ইসলামী স্বকীয়তা অনুপস্থিত। অন্যদিকে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কেবল আলিয়া মাদরাসাগুলোর ফাজিল-কামিল ও অনার্স কোর্সের পরীক্ষা গ্রহণ ও সনদ প্রদানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে; মাদরাসায় অনার্স কোর্স সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় শিক্ষক ও অবকাঠামো উন্নয়নে তাদের কার্যকর ভূমিকা নেই।
সংগঠনের নেতারা আরও অভিযোগ করেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানের আধুনিক শাখায় মাদরাসা শিক্ষার্থীরা স্কুল-কলেজের সমান যোগ্যতা অর্জন করা সত্ত্বেও উচ্চশিক্ষায় ভর্তি ও চাকরির ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হচ্ছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজিসহ আধুনিক বিভাগগুলোতে মাদরাসা শিক্ষার্থীদের ভর্তিতে নানা অজুহাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, অথচ এসব বিভাগে সুযোগ পাওয়া মাদরাসা শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে মেধার স্বাক্ষর রেখে চলেছেন। এ ছাড়া মাদরাসার পাঠ্যক্রম থেকে ধর্মীয় বিষয় সংকুচিত করা, সারা দেশে মাত্র তিনটি বাদে কোনো মাদরাসা সরকারি না হওয়া এবং অবকাঠামোগত উন্নয়নে অপ্রতুল বরাদ্দের কারণে ঐতিহ্যবাহী এই শিক্ষাব্যবস্থা সংকটের মুখে পড়েছে।
পাশাপাশি মাদরাসা শিক্ষার মূল ভিত্তি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণ না করায় প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীশূন্য হয়ে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। তাঁরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ উপবৃত্তি ও টিফিনসহ নানা সুবিধা পেলেও ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা এসব থেকে বঞ্চিত এবং শিক্ষকেরা বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে ইসলামী শিক্ষা ও তাহজীব-তামাদ্দুন রক্ষায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ মাদরাসা শিক্ষার সব বৈষম্য নিরসনে আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী ও তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
