
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার লক্ষ্যে গৃহস্থালি বর্জ্য উৎস থেকেই আলাদা করে সংগ্রহ ও ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। এ লক্ষ্যে নগরীর তিনটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় পরিচালিত হেলদি সিটি প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে খুলনার বর্জ্য ব্যবস্থাপনাকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শুরুতে এ কার্যক্রম বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ থাকলেও নগরবাসীকে সম্পৃক্ত ও সচেতন করা গেলে তা সফল করা সম্ভব। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, বিভিন্ন কমিউনিটি ও ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেন তিনি।
কেসিসি সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুটি এবং চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার একটি প্ল্যান্ট চালুর পরিকল্পনা রয়েছে। এসব প্ল্যান্ট কার্যকরভাবে পরিচালনার প্রস্তুতি হিসেবে প্রাথমিক পর্যায়ে ২৫, ২৬ ও ৩০ নম্বর ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণের পাইলট কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
পরীক্ষামূলক এ উদ্যোগে তিনটি ওয়ার্ডের প্রায় ৫০০টি বাড়িকে অন্তর্ভুক্ত করা হয়েছে। টানা পাঁচ দিন এসব বাড়িতে পচনশীল ও প্লাস্টিক বর্জ্য আলাদা করে রাখার কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তী সময়ে বর্জ্য সংগ্রহকারীরা সংগৃহীত বর্জ্য পুনরায় পৃথক করে নির্ধারিত ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠাবেন।
প্রশাসক জানান, পরীক্ষামূলক কার্যক্রম থেকে পাওয়া অভিজ্ঞতা ও বাস্তব ফলাফল পর্যালোচনা করে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য ওয়ার্ডেও এ পদ্ধতি সম্প্রসারণ করা হবে। এ ক্ষেত্রে নাগরিকদের দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করে বর্জ্য আলাদা করে সংরক্ষণের সংস্কৃতি গড়ে তোলাই হবে বড় চ্যালেঞ্জ।
কার্যক্রম বাস্তবায়নে হেলদি সিটি ফোরামের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও কিন আপ খুলনা অংশ নিচ্ছে। সংগঠন দুটির স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সচেতন করবেন এবং প্রয়োজনীয় লিফলেট বিতরণ করবেন। পাশাপাশি ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের কাজে কেসিসিকে সহযোগিতা করবে বেসরকারি সংস্থা সিয়াম।
অনুষ্ঠানে প্রশাসক স্বেচ্ছাসেবীদের হাতে বর্জ্য আলাদা করে রাখার জন্য সাদা ও হলুদ রঙের ব্যাগ, গ্লাভস, মাস্ক এবং প্রচারপত্র তুলে দেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবীর উল জব্বার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলদি সিটি প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
