Thursday, November 19

কাল মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’, অনুষ্ঠিত হলো বিশেষ প্রদর্শনী

|| বিনোদন ডেস্ক ||

দেশভাগ ও ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলোচিত উপন্যাস অবলম্বনে নির্মিত এবং হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি দেশের প্রায় ২০টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে।

সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন আফজাল হোসেন, আশনা হাবিব ভাবনা, ইমতিয়াজ বর্ষণসহ একঝাঁক শিল্পী। চলচ্চিত্রটির মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর বিমানবন্দর-সংলগ্ন সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে নিজের আশাবাদের কথা জানান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি বলেন, ‘সেলিনা আপা উপন্যাসটি লিখে কয়েকবার পরিমার্জন করেছিলেন। লেখিকা হিসেবে তিনি সবার কাছে সমাদৃত, আর প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্ম সব বিখ্যাত কাজের সঙ্গে যুক্ত। সব মিলিয়ে আমি এই সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী এবং আমার বিশ্বাস সবার কাছে এটি ভালো লাগবে।’

বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক হাবীবুর রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, শহীদুল আলম সাচ্চু, ফারজানা ব্রাউনিয়া এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীসহ অনেকে।

মুক্তির প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন। প্রদর্শিত হতে যাওয়া প্রেক্ষাগৃহগুলোর মধ্যে রয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা, যমুনা ব্লকবাস্টার, সৈনিক ক্লাব, বিজিবি, শ্যামলী ও লায়ন সিনেমাস। এ ছাড়া ঢাকার বাইরে শান্তাহারের পূর্ণিমা সিনেমা, বগুড়ার মম ইন ও মধুবন, ময়মনসিংহের ছায়াবাণী, বরিশালের অভিসপ্তি, চট্টগ্রামের সুগন্ধা, রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, ফরিদপুরের বনলতা, সিলেটের গ্র্যান্ড সিলেট এবং কুমিল্লার কে স্ক্রিনে চলবে ‘যাপিত জীবন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *