Thursday, November 19

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

|| নিজস্ব প্রতিবেদক ||

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে মোতায়েনের জন্য আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েন করা বাহিনীর মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

বিজিবি জানায়, গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তারা সক্রিয়ভাবে কাজ করছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ ক্ষেত্রে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিশেষ ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *