
|| নিজস্ব প্রতিবেদক ||
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি হত্যা মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর নিজ নির্বাচনী এলাকা সিলেটের বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।
বিয়ানীবাজার থানায় দায়ের করা দুটি মামলার মধ্যে সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম একটি এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন অপর মামলাটি করেন।
অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল বাদী হয়ে নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জনসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া গোলাপগঞ্জে আন্দোলনের সময় নিহত দত্তরাইল গ্রামের মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং ঘোষগাঁও গ্রামের গৌছ উদ্দিন হত্যার ঘটনায় তাঁর ভাতিজা রেজাউল করিম বাদী হয়ে আরও দুটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলাগুলোতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
