
|| নিজস্ব প্রতিবেদক ||
এক দিনের সরকারি সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। পরে সকাল ৯টার দিকে সেখান থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, লালমনিরহাট পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন।
এরপর দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি এবং সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত দিনব্যাপী এসব কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
