
|| নিজস্ব প্রতিবেদক ||
বোমাবাজি ও নাশকতা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেখান থেকে ভিডিও ভাইরাল করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে এবং দেশে কয়েকটি টোকাইকে দিয়ে বোমাবাজি, ককটেল নিক্ষেপ ও গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটানো হচ্ছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মওলানা ভাসানীকে ভারতের চর বলে আখ্যায়িত করেছিল। অথচ এখন আওয়ামী লীগের নেতারা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছেন। তাদের কেউ কেউ কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনেছেন এবং সেখান থেকেই ভিডিও বার্তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির নির্দেশনা দিচ্ছেন।
পলাতক শক্তিকে সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, ধৈর্যের একটা সীমা আছে; সেই সীমা যাতে অতিক্রম না করে। বোমাবাজি করে দেশে ফিরে আসার স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। ১৭ বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি আন্দোলন-সংগ্রাম করেছে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র, জনতা ও শ্রমিকের অংশগ্রহণে গণ-অভ্যুত্থান হয়েছে, যেখানে অনেকে আত্মত্যাগ করেছেন। সেই রক্তের দাগ এখনো শুকায়নি।
অর্থ লুটপাট ও জমি দখলের অভিযোগ তুলে রিজভী আরও বলেন, আবার শেখ হাসিনা ফিরে আসবেন, বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট হবে, সোনালী ও বেসিক ব্যাংকের অর্থ লুট হয়ে বিদেশে ফ্ল্যাটের পর ফ্ল্যাট কেনা হবে—এমন পরিস্থিতি দেশের মানুষ মেনে নেবে না। পূর্বাচলে শেখ হাসিনা, তার ভাগনি ও মেয়ের নামে ৬০ কাঠা জমি নেওয়া হয়েছিল। গোটা বাংলাদেশকে নিজেদের জমিদারি মনে করা হয়েছিল। সেই জমিদারি ফিরে পাওয়ার জন্যই টোকাইদের দিয়ে বোমাবাজি করিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে।
মওলানা ভাসানীর রাজনৈতিক অবদান স্মরণ করে রিজভী বলেন, তিনি ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং পরে ন্যাপ গঠন করেন। ১৯৫৭ সালেই তিনি পাকিস্তানের শাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বাধীনতার আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন। বাংলাদেশের সংগ্রামের ইতিহাসে মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতারা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। এই মাটির মানুষের মধ্য থেকে উঠে আসা নেতৃত্ব ও জনগণকে বোমাবাজি কিংবা বিদেশ থেকে উসকানি দিয়ে দমন করা সম্ভব নয়।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা নজরুল হক নান্নু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
