
|| অনলাইন প্রতিবেদক ||
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশন দক্ষতাসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে বিউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে এবং শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় স্কিল ডেভেলপমেন্টের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
