
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, দেশ ও জাতির কল্যাণে আজ সময়ের অপরিহার্য দাবি একটি বলিষ্ঠ, সৎ, সাহসী ও আদর্শবান এখলাসপূর্ণ নেতৃত্ব। আর সেই নেতৃত্ব পরিচালনার জন্য যে আদর্শের প্রয়োজন, তা হলো ইসলামী আদর্শ।
ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, মানবসৃষ্ট দর্শন কিংবা কোনো তন্ত্র-মন্ত্রের মাধ্যমে প্রকৃত শান্তি, ন্যায়বিচার ও মানবতার কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব নয়। যা বারবার প্রমাণ হয়েছে। বর্তমান রাজনীতি কেবলমাত্র ক্ষমতা ও কিছু লোকের ভোগ-বিলাসের একটি মাধ্যম। দুনিয়ার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং আখিরাতের মুক্তি ও নাজাতের একমাত্র পথ হলো পবিত্র কুরআন ও সুন্নাহভিত্তিক ইসলামী জীবনব্যবস্থা। ইসলামী ঐক্য আন্দোলন বিশ্বাস করে, ইসলামী আদর্শ ছাড়া দেশ ও জাতিকে গড়ে তোলার বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেশ ও জাতিকে সৎ, যোগ্য, সাহসী ও ইসলামী আদর্শে উজ্জীবিত বলিষ্ঠ নেতৃত্ব দান করুন এবং কুরআন-সুন্নাহর আলোকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিপ্লবের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দান করুন।
শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমআ ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আন্দোলনের ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের কর্মপরিষদের যৌথ বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসানসহ ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
বৈঠকে আগামী ২৭ নভেম্বর শুক্রবার ৩.৩০টায় পল্টন টাওয়ারস্থ ইআরএফ মিলনায়তনে আন্দোলনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠিতব্য আলোচনা সভা সফল করার জন্য বিভিন্ন পরামর্শ ও পদক্ষেপ নেয়া হয়।
