Wednesday, October 28

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি পুনর্নির্ধারণের প্রস্তাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনকে শিক্ষার্থীবান্ধব, সুশৃঙ্খল ও অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে খাতভিত্তিক ফি পুনর্বিন্যাস ও পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সম্প্রতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি জানানো হয়।

প্রস্তাবনায় বলা হয়, সমাবর্তন একজন শিক্ষার্থীর দীর্ঘ শিক্ষাজীবনের অর্জন ও সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি। তাই সমাবর্তনে অংশগ্রহণের ফি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য, সনদের ধরন ও অতিথি আপ্যায়নের ব্যয় বিবেচনায় নিয়ে একটি সহনশীল ও ভারসাম্যপূর্ণ ফি কাঠামো প্রণয়ন করা জরুরি।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত ফি কাঠামোতে সমাবর্তন ফি ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সনদপত্র ফি হিসেবে স্নাতকের জন্য ৫০০ টাকা, স্নাতকোত্তরের জন্য ৭০০ টাকা, এমফিলের জন্য ১,০০০ থেকে ১,৫০০ টাকা এবং পিএইচডির জন্য ১,৫০০ থেকে ২,০০০ টাকা প্রস্তাব করা হয়। পাশাপাশি প্রতিজন অতিথির জন্য ৫০০ থেকে ৮০০ টাকা ফি নির্ধারণ করে একজন নিবন্ধনকারী শিক্ষার্থীর সঙ্গে পরিবারের সর্বোচ্চ পাঁচজন অতিথি অংশগ্রহণের সুযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবনার যৌক্তিকতা তুলে ধরে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, সমাবর্তনের ব্যয় সহনীয় পর্যায়ে রাখলে অধিকসংখ্যক শিক্ষার্থী এই গৌরবময় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়া সীমিত ও সহনীয় ফি নির্ধারণের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সমাবর্তনের আনন্দ ভাগ করে নিতে পারবেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষার্থীদের স্বার্থ, আর্থিক সক্ষমতা এবং সমাবর্তনের সার্বিক ব্যয় বিবেচনায় নিয়ে উক্ত প্রস্তাবনাগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনার মাধ্যমে একটি যৌক্তিক, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো নির্ধারণের আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *