
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরীর মজিদ সরণি ও কেডিএ এপ্রোচ রোডের সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ৯টি মামলায় মোট ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সড়কের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ এবং বিনা অনুমতিতে নির্মাণসামগ্রী রাখার অপরাধে নয়জনকে জরিমানা করা হয়। তাঁদের মধ্যে আব্দুর রাজ্জাককে ৫০০ টাকা, মামুনুজ্জামান সজিবকে ১০ হাজার টাকা, গোলাম মোহাম্মদ খানকে ৫ হাজার টাকা, মাসুদকে ১০ হাজার টাকা, শহিদুল ইসলামকে ২ হাজার টাকা, মেহেদী হাসানকে ২ হাজার টাকা, সৌমিত্রকে ২ হাজার টাকা, খসরুকে ৩ হাজার টাকা এবং হেলাল উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অসংখ্য অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।
অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দীন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
