
|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||
দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই নতুন দর আজ বুধবারও অপরিবর্তিত থাকছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারিত মূল্যে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও দরপতন হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ১১৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৫৯ টাকা কমিয়ে ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।
