Wednesday, October 7

পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনে মওলানা আবদুর রহীম (র.)-এর রূপরেখা পাঞ্জেরীর ভূমিকা পালন করছে

মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-স্মরণে সেমিনারে ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া সভাপতির বক্তব্যে বলেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজ। এই ফরজ ইবাদত নিশ্চয়ই কুরআন সুন্নাহ নির্দেশিত পথ-পন্থায় হতে হবে। এই ব্যাপারে বিস্তর লিখে গেছেন বাংলাদেশে ইসলামী আন্দোলনের স্থপতি মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)। “একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোন পথ নেই, প্রচলিত রাজনীতি নয় জিহাদই কাম্য, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, গণতান্ত্রিক ব্যবস্থা ও শূরাই নিজাম।”এসব ঐতিহাসিক পুস্তিকা আজ লক্ষ লক্ষ যুবকের দ্বীনি আন্দোলনের মুজাহিদদের অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, দ্বীনি চেতনা, দ্বীনি সংগঠন, দ্বীনি প্রতিরোধ ও গণঅভ্যুত্থান তথা ইসলামী গণবিপ্লব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা, এসব কর্মসূচি, কর্মপদ্ধতি মরহুম মওলানার ইসলামী বিপ্লব সাধনের ঐতিহাসিক কর্মধারা। আগামীর ইসলামী বিপ্লবের কর্মধারা-কর্মপদ্ধতি ও রূপরেখা মওলানা মুহাম্মাদ আবদুর রহীম এই দেশ ও জাতির সামনে চমৎকারভাবে উপস্থাপন করে গেছেন। আগামীর পূর্ণাঙ্গ বিপ্লব সাধনে মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:) রূপরেখা পাঞ্জেরীর ভূমিকা পালন করছে।

আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দ ও আলোচকবৃন্দ আরও বলেন, বাংলা ভাষা ও সাহিত্যে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে উপস্থাপনেও মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)- এক অনন্য পথিকৃৎ। বাংলা ভাষায় শতাধিক মৌলিক গ্রন্থ রচনা ও অর্ধ শতাধিক বই বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ করে বিশাল খেদমত করে গেছেন। মওলানার সাহিত্যকর্ম ও চিন্তা-দর্শন দেশ জাতিকে আগামীর ইসলামী বিপ্লবের পথ দেখাচ্ছে। মরহুম মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.) প্রচলিত মানব রচিত ভঙ্গুর গণতান্ত্রিক রাজনীতির অসারতা ও ব্যর্থতার কথা কঠিনভাবে উপস্থাপন করে গেছেন। প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় কোথাও যে দ্বীন প্রতিষ্ঠা হয়নি এবং হতে পারে না; তা আজ জনমনে দিবালোকের মতো প্রমাণিত।

বক্তারা আরও বলেন, মানব রচিত তন্ত্র মন্ত্রের বিপরীতে ইসলামই মজলুম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। তাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনে ইসলামপন্থী সকলকে এগিয়ে আসতে হবে। এবং মরহুম মাওলানার বৈপ্লবিক রাজনৈতিক চিন্তা দর্শনকে নতুনভাবে ধারণ করতে হবে।

আলোচকবৃন্দ ২ অক্টোবর ২০২৬ শুক্রবার, বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন।

ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে বাংলাদেশে ইসলামী আন্দোলনের স্থপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-স্মরণে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।

আলোচনা সভায় সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাওলানা আশরাফ আলী আকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান নিজামী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, জঙজু নরমাল বিশ্ববিদ্যালয়, চীন-এর ভিজিটিং প্রফেসর ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবু মুসা মুহাম্মদ আরিফ বিল্লাহ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আস সিরাহ আন নববিয়্যাহ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে
আমীরদ্বয় মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ নাছির, সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মাহমুদ আব্দুল্লাহ মাহী, বরিশাল ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ এর ইংরেজী বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শফী আহমদ, জয়েন্ট সেক্রেটারীদ্বয় মাওলানা ফারুক আহমদ ও মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিকীসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *