Sunday, October 4

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং ২০২৭: বাংলাদেশের শীর্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটি

|| নিজস্ব প্রতিবেদক ||

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মোট ৩৮.৪২ ওয়েটেড স্কোর নিয়ে প্রতিষ্ঠানটি বৈশ্বিক র‍্যাংকিংয়ের ৮০১ থেকে ১০০০ ব্যান্ডের মধ্যে অবস্থান করছে। একই বৈশ্বিক ব্যান্ডে দেশের আরও কিছু বিশ্ববিদ্যালয় থাকলেও মোট ওয়েটেড স্কোরের ভিত্তিতে ডিআইইউ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

এবারের এই সংস্করণে গবেষণার মানের সূচকে ডিআইইউ বিশ্বজুড়ে ২৯৪তম অসাধারণ অবস্থান অর্জন করেছে। র‍‍্যাংকিং প্রস্তুতকালে শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পের সঙ্গে সম্পৃক্ততার মতো গুরুত্বপূর্ণ সূচকগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই অর্জন ডিআইইউর গবেষণা কার্যক্রম শক্তিশালী করা, আন্তর্জাতিক একাডেমিক অংশীদারত্ব বৃদ্ধি, শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়ন এবং উদ্ভাবনীমূলক দীর্ঘমেয়াদি কাজের সঠিক মূল্যায়নের বহিঃপ্রকাশ। এর আগে চলতি বছরে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাটিংস ২০২৬-এ ১ হাজার ৬০৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্বজুড়ে ৮৭তম এবং দেশে প্রথম স্থান অর্জন করেছিল ডিআইইউ। এ ছাড়া বিভিন্ন সাবজেক্ট র‍্যাঙ্কিংস ২০২৬-এ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্সেস এবং মেডিকেল অ্যান্ড হেলথ বিষয়েও বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক স্বীকৃতি লাভ করেছে।

কর্তৃপক্ষের প্রত্যাশা, আন্তর্জাতিক এই স্বীকৃতি শিক্ষা, গবেষণা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রাকে আরও বেশি গতিশীল করবে।

Link: https://www.timeshighereducation.com/world-university-rankings/latest/world-ranking

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *