
|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||
নওগাঁর বদলগাছীতে এক শ্রমিক সর্দারের শরীরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসাইন মো. আসাদুজ্জামান টুটুল (৫৬) নামের এক ব্যক্তিকে ধাওয়া করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ শ্রমিক সর্দারের নাম পাখি। তিনি কয়াভবানীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং কোলা ইউনিয়নের শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে পাখি ও তাঁর সহযোগী রবিউল মোটরসাইকেলে বদলগাছী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিষ্ণুপুর ব্রিজ এলাকায় অভিযুক্ত টুটুল তাঁদের মোটরসাইকেলে ওঠেন। মধ্যপুখুরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায় এবং এ নিয়ে পাখির সঙ্গে টুটুলের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে টুটুল পলিথিনে মোড়ানো পেট্রোলসদৃশ তরল পদার্থ পাখির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পালানোর চেষ্টাকালে স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করে টুটুলকে বদলগাছী থানা পুলিশের হাতে তুলে দেয়। আটক টুটুল কয়াভবানীপুর গ্রামের মৃত আফতাব মন্ডলের ছেলে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত আসাদুজ্জামান টুটুলকে আটক করেছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, আটক টুটুল এর আগেও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন।
