
|| বিনোদন প্রতিবেদক ||
ইতালির রোমে কনসার্ট শেষে বিতর্কে জড়িয়েছেন ‘নগর বাউল’খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও তাঁর টিম। তাঁদের বিরুদ্ধে হোটেলের কক্ষ নোংরা করে রেখে প্রস্থানসহ প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় আয়োজকরা।
জানা গেছে, গত রোববার (১৬ আগস্ট) রোমে আয়োজিত একটি কনসার্টে অংশ নিতে গিয়ে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। পরবর্তীতে চেক-আউটের পর সেই কক্ষের অপরিচ্ছন্ন ছবি ও মেসেজের স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। হোটেল কর্তৃপক্ষের দাবি, তাঁদের না জানিয়েই কক্ষ ত্যাগ করা হয়েছে। মেঝেতে প্লাস্টিকের বোতল, ডাইনিং টেবিলে খাবারের উচ্ছিষ্ট ও রান্নাঘরের সিঙ্কে নোংরা থালা-বাসন পড়ে থাকতে দেখা যায়। রুমের পরিবেশ নষ্ট করায় পরিচ্ছন্নতা বাবদ ন্যূনতম ২০০ ইউরো জরিমানা ধার্য করেছে হোটেল কর্তৃপক্ষ।
তবে এসব অভিযোগকে ‘তুচ্ছ ঘটনা’ বলে দাবি করেছেন জেমসের ম্যানেজার রুবায়াত ঠাকুর রবিন। নিয়ম না মেনে হোটেল ছাড়ার বিষয়টি অস্বীকার করে তিনি জানান, জেমস ও তাঁর টিমের সদস্যরা মোট ৪টি কক্ষে ছিলেন। যে ৫৪৯ নম্বর কক্ষটি নোংরা পাওয়ার অভিযোগ উঠেছে, সেখানে জেমস ছিলেন না; বরং অন্য এক মিউজিশিয়ান ছিলেন। ফলে একজনের কক্ষের দায়ভার জেমসের ওপর বর্তায় না বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, ইতালির আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ জেমসের ম্যানেজারের বিরুদ্ধে কনসার্টের অগ্রিম ও টিকিট বিক্রির অর্থ আত্মসাৎ এবং অবৈধ হুন্ডির মাধ্যমে অর্থ দেশে পাঠানোর অভিযোগ এনেছেন। তবে অর্থ সংক্রান্ত এসব অভিযোগের বিষয়ে জেমস বা তাঁর ম্যানেজারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
