
|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষার্থী মোঃ রবিউস সানি জোহা সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ মোজাহিদ হোসেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নব-মনোনীত সভাপতি মোঃ রবিউস সানি জোহা বলেন, “সবার আন্তরিক সহযোগিতায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই। সৃজনশীলতা, মননশীলতা ও বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে ইবি শাখাকে একটি প্রাণবন্ত ও সম্ভাবনাময় পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
নব-মনোনীত সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদ হোসেন বলেন, “তরুণ সমাজই দেশের মূল চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয়ে যারা লিখতে আগ্রহী, তাদের সৃজনশীল ও মুক্তচিন্তার লেখক হিসেবে গড়ে তুলতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে, যাতে লেখনীর মাধ্যমে সমাজ ও দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা যায়।”
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহায়তা এবং কর্মশালা আয়োজনের মাধ্যমে দেশের ২২টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে তরুণদের সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চর্চায় উদ্বুদ্ধ করে আসছে সংগঠনটি।
