Tuesday, August 18

বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ, ১০-১২ লাখ টাকার রেণু মাছ ধ্বংস

​|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

​নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ রেণু মাছ ধ্বংস করার অভিযোগ উঠেছে। এতে চাষির প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​জানা যায়, উপজেলা সদরের লেখক অফিস সংলগ্ন ও বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের পেছনে অবস্থিত পিন্ডিরা মৌজার ১.২০ একর আয়তনের (দলা পুকুর) পুকুরটির যৌথ মালিক মোঃ মোশাররফ হোসেন সরদার, মৃত নূর মোহাম্মদ মেম্বারের সন্তানরা, মৃত ইসমাইল হোসেনের সন্তানরা এবং আলী হাসান বুলবুল। কাষ্টডোব গ্রামের জাফর আলীর ছেলে মোঃ এনামুল হক ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত তিন বছর মেয়াদে ৩ লাখ ৫০ হাজার টাকায় পুকুরটি লিজ নেন।

​লিজ নেওয়ার পর এনামুল হক রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। তবে গত মাসে কে বা কাহারা রাতের আঁধারে পুকুরে প্রথম দফায় বিষ প্রয়োগ করে। বিষয়টির ভয়াবহতা উপলব্ধি করে এনামুল দ্রুত বড় মাছগুলো তুলে বাজারজাত করেন এবং পানি সেচ দিয়ে পুকুর শুকিয়ে চুন ও জীবাণুনাশক দিয়ে পুনরায় পানি ভরেন। পরে নতুন করে রেণু মাছ ছাড়েন, যা আর ৫-৬ দিন পর বাজারজাত করার উপযোগী হতো। কিন্তু পূর্বের ন্যায় গতকাল রাতে আবারও কে বা কাহারা বিষ প্রয়োগ করলে রেণু মাছসহ পুকুরের সকল জলজ প্রাণী মারা যায়।

​ক্ষতিগ্রস্ত মাছচাষি মোঃ এনামুল হক বলেন, “তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে আমি দুইবার চরম ক্ষতির মুখে পড়লাম। এবার বিষ প্রয়োগ করায় আমার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

​এ বিষয়ে পুকুরের অন্যতম মালিক আলী হাসান বুলবুল বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। আজ মালিক পক্ষের সবাই বসে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *