Monday, July 27

পরিবেশ রক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

পরিবেশ সংরক্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এক আলোচনা সভায়।

সোমবার (২৭ জুলাই) খুলনার বয়রাস্থ হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত “বাল্যবিবাহ প্রতিরোধসহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের। জলবায়ু পরিবর্তন ও শিল্পায়নের কারণে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা মোকাবিলায় এখনই সচেতনতা বাড়াতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিভাগীয় কমিশনার আরও বলেন, মাদকের বিস্তার সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সবাইকে মাদককে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে হবে।

খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সহসভাপতি শেখ মোস্তফা কামাল। সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর, খুলনা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের একপর্যায়ে পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিভাগীয় কমিশনার। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *