Monday, July 27

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেন

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষাবিদ অধ্যাপক ড. এমতাজ হোসেন। এই নিয়োগের মাধ্যমে তিনি বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলীর স্থলাভিষিক্ত হলেন।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০’ (সংশোধিত আইন, ২০১০)-এর ১১ (ক) (১) ধারা অনুসারে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. এমতাজ হোসেনকে আগামী ৪ বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্তাবলীতে জানানো হয়, তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন এবং তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. এমতাজ হোসেন দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। প্রো-ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পরিবহণ প্রশাসক, বিভাগীয় চেয়ারম্যান এবং কলা অনুষদের ডিন হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি জাতীয়তাবাদী শিক্ষক রাজনীতির সাথে যুক্ত এবং ২০১৭ সালের ১৯ জানুয়ারি থেকে জাতীয়তাবাদী আদর্শের সংগঠন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ ও শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও সামলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *