Sunday, July 26

​নওগাঁয় ছাত্রাবাস থেকে সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৪) নামের নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার ‘জননী ছাত্রাবাস’ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত ইমন নওগাঁর মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইমন জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর ডাবল রুমে একাই থাকতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। কোনো সাড়াশব্দ না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মামা সরাসরি ওই ছাত্রাবাসে যান। সেখানে গিয়ে বারবার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে ইমনের কোনো সাড়া পাওয়া যায়নি।

​পরবর্তীতে ছাত্রাবাসের অন্যান্য আবাসিক শিক্ষার্থীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় ঘরের ফ্যান ঝুলানোর রডের সঙ্গে ইমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা দ্রুত নওগাঁ সদর মডেল থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, “খবর পেয়ে আমরা ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *