Tuesday, July 21

মামার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর দীপু সরকার (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দীপু সরকার উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। সে স্থানীয় আলহেরা আইডিয়াল একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপু তার মামার বাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। গত শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সমবয়সী আরও তিন কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে সে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতের তোড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় দীপু।

দীপু তলিয়ে যাওয়ার পর সঙ্গে থাকা অন্য কিশোররা দ্রুত বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই দিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপুর কোনো সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস সেদিনের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করে ফিরে যায়।

এরপর সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন এবং স্বজনরা এটি নিখোঁজ দীপু সরকারেরই মরদেহ বলে শনাক্ত করেন। স্কুলছাত্রের এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *