
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ‘রাজ হোটেল’ (টাউন শাখা) নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) সকালে শহরের ওই হোটেলটিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, রাজ হোটেলের রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান পরিদর্শনকালে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশের চিত্র দেখা যায়। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে খাবার তৈরি ও সংরক্ষণের নানাবিধ অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হোটেলটিকে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।” একই সঙ্গে তিনি সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির আহ্বান জানান।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সহযোগিতা করেন।
