
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের চিলমারী উপজেলা অডিটরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নবগঠিত কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে ‘অভিষেক অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ৫৩৯ জন সহকারী শিক্ষক সমবেত হন। অনুষ্ঠানে আগামী ৪ বছরের জন্য অনুমোদিত ৯৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
নবগঠিত কমিটির সভাপতি মোখলেছুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহীনুর আল আমিন এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষক সমাজের সদস্য সচিব একরামুল টুটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সদস্য সচিব আবু হানিফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম ও সাদাকাত হোসেন। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিরীন, উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌস চায়না, সাংগঠনিক সম্পাদক লাভলি, স্থানীয় সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাধারণ কার্যসূচির পরিচিতি পর্বে নবগঠিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর নতুন প্রতিনিধিরা শপথ গ্রহণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের অধিকার রক্ষায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে চরাঞ্চলের শিক্ষকদের জন্য ‘চরভাতা’ নিশ্চিত করার বিষয়ে অনুষ্ঠানে গুরুত্ব আরোপ করা হয়। আলোচনা সভায় অতিথিরা চিলমারীর প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
দীর্ঘদিন পর নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বর্ণাঢ্য এই আয়োজনের দ্বিতীয় পর্বে বিকেল চারটায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পী ও শিক্ষকরা অংশ নেন।
