শনিবার, জুলাই ৪

দৌলতপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন মানিকগঞ্জের ডিসি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুরে চলমান এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা। আজ শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সার্বিক পরীক্ষা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রের ভেতরের আসন বিন্যাস, পরিবেশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক সুশৃঙ্খল পরিবেশ দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।

​উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “আমরা অত্যন্ত গুরুত্বের সাথে জেলাজুড়ে পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দৌলতপুরের কেন্দ্রগুলোতে অত্যন্ত শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের মানসিক চাপ বা বিঘ্ন ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেজন্য জেলা ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

​তিনি আরও বলেন, “পরীক্ষাকেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা রোধে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক পরীক্ষা নিশ্চিত করতে আমরা কোনো প্রকার আপস করব না। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে আমি শিক্ষক, অভিভাবক ও সুধী সমাজসহ সংশ্লিষ্ট সকলকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”

​পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও ব্রিফিংকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন— সরকারি মতিলাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ সত্যজিৎ দত্ত, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।

​এছাড়াও কেন্দ্র পরিদর্শন ও জেলা প্রশাসকের ব্রিফিংয়ের সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *