বুধবার, জুলাই ১

বদলগাছীতে রাস্তার পাশে মাছ ধোয়াকে কেন্দ্র করে গৃহবধূ ও স্বামীকে মারধর, থানায় অভিযোগ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||

নওগাঁর বদলগাছীতে বাড়ির সামনে রাস্তার পাশে মাছ ধোয়াকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার স্বামীকে নির্মমভাবে মারধর ও কোদাল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার আধাইপুর ইউনিয়নের মুক্তিনগর (হাঁপানিয়া) গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ প্রিয়া আক্তার বানু (৪০) ও তার স্বামী মোঃ মিঠু হোসেন (৩৫) বর্তমানে বদলগাছী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠু হোসেন দীর্ঘদিন ধরে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। ঘটনার দিন বিকেলে তার স্ত্রী প্রিয়া আক্তার বানু মেইন রাস্তার পাশে মাছ ধুচ্ছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা বিবাদী মিন্টু হোসেন (৪০) ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রিয়া আক্তারকে লক্ষ্য করে কুপ্রস্তাব দেয় এবং গালিগালাজ করতে থাকে। প্রিয়া আক্তার এর প্রতিবাদ করলে মিন্টু ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে।

স্ত্রীর চিৎকার শুনে স্বামী মিঠু হোসেন ঘটনাস্থলে এগিয়ে এলে বিবাদী মিন্টু হোসেন তাকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা কোদাল দিয়ে মাথায় সজোরে আঘাত করে। কোদালের আঘাতে মিঠু হোসেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বদলগাছী সদর হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন— একই গ্রামের মৃত বাচ্চু মন্ডলের ছেলে মিন্টু হোসেন (৪০) ও ইদ্রিস আলী (২১), মৃত বাচ্চু মন্ডলের স্ত্রী তহমিনা (৫৫), মিন্টু হোসেনের স্ত্রী রিমা (৩৫) এবং মৃত ভোলা মন্ডলের ছেলে বিদ্যুৎ (৫০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী সান্ত হোসেন ও মিনু বেগম জানান, রাস্তার পাশে মাছ ধোয়াকে কেন্দ্র করেই বিবাদীরা অতর্কিতভাবে এই হামলা ও মারপিটের ঘটনা ঘটিয়েছে।

বদলগাছী থানা পুলিশ জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *