
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল পরবর্তী ব্রিফিং চলাকালে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিককে বেধড়ক মারধর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মারধরে রক্তাক্ত ও গুরুতর আহত ওই সাংবাদিককে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী উপস্থিত সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। সেখানে উপস্থিত সংবাদকর্মীরা এই আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জামায়াত কর্মীরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শার্টের কলার ধরে ঘুষি মারেন। তিনি রাস্তায় পড়ে গেলে তাকে লাথিও মারা হয়। এতে তিনি রক্তাক্ত হয়ে পড়লে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত সাংবাদিক শিশির এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা (জামায়াতে ইসলামী) তো সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন। একজন সাংবাদিকের কলার ধরা আর তাকে মারধর করা কি আপনাদের সেই স্বাধীনতার নমুনা?”
এদিকে ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। তিনি জানান, জামায়াত সাংবাদিকদের প্রতি কোনো ধরনের অসদাচরণ সমর্থন করে না। ভিডিও ফুটেজ দেখে এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর পেছনে কোনো বহিরাগত জড়িত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
