
|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||
বরিশালের বানারীপাড়া উপজেলায় ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরম ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে উপজেলা প্রশাসনের সাথে উপজেলা লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস (NSS) ও ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদুর রহমান। সভায় গেটকা প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও লোকমোর্চা কমিটির দায়িত্ব-কর্তব্য তুলে ধরেন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. বায়েজিদুর রহমান বলেন, ‘প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় এনএসএস প্রশংসনীয় কাজ করছে। বিশেষ করে নারীদের সচেতনতা বৃদ্ধিতে এই প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এনএসএস-কে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’
উপজেলা সিভিক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বানারীপাড়ায় গেটকা প্রকল্প বাস্তবায়নে যেকোনো ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। তিনি সফলভাবে এই প্রকল্প চালুর জন্য এনএসএস ও ওয়েব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা তনয় শিং, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি মো. ইলিয়াছ শেখ, সাংবাদিক জাকির হোসেন, উপজেলা এনজিও সমন্বয়কারী এস পলাশ দাস এবং গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, প্রশাসক, প্যানেল চেয়ারম্যান, শিক্ষক ও যুব প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
