বুধবার, মে ২০

মিরপুরে শিশু রামিসা হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবি তালাবার

|| নিজস্ব প্রতিনিধি ||

রাজধানী ঢাকার মিরপুর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

আজ বুধবার (২০ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি এস এম শামীম এই ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, মিরপুরে ৭ বছর বয়সী অবুঝ শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তা অত্যন্ত পৈশাচিক এবং সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। শুধু ঢাকা নয়, সম্প্রতি সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশজুড়ে কোমলমতি শিশুদের ওপর একের পর এক পাশবিক নির্যাতন ও হত্যার যে বিভীষিকাময় ঘটনা ঘটছে, তা পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। সমাজে নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতির বিস্তার এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে।

তারা বলেন, বাংলাদেশে দিন দিন ধর্ষণ, হত্যা ও নানা ধরনের জঘন্য অপরাধ বেড়েই চলছে। অথচ বহু ঘটনায় আমরা দৃষ্টান্তমূলক বিচার দেখতে পাই না। বিচারহীনতার এই সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার অপরাধ সংঘটিত করছে। এমতাবস্থায় সমাজে ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে শরিয়াহ আইনের বিকল্প নেই। শরিয়াহ আইন বাস্তবায়নের মাধ্যমে অপরাধ প্রবণতা কমানো এবং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, আজ সময় এসেছে সচেতন নাগরিক, অভিভাবক, তরুণ সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো মায়ের সন্তানহারা আর্তনাদ শুনতে চাই না, আর কোনো পরিবারকে ধ্বংস হতে দেখতে চাই না। নিরাপদ, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিবৃতিতে তারা অনতিবিলম্বে শিশু রামিসা হত্যাকাণ্ডের মূল হোতা ঘাতক সোহেল রানাসহ দেশের সকল শিশু নির্যাতনকারী ও হত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুততম সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *