
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথকভাবে এই গুরুত্বপূর্ণ সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন, সামাজিক সমস্যা নিরসন, স্বাস্থ্যসেবা উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা উপজেলার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার ওপর আলোকপাত করে বলেন, বেলকুচির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত পুলিশ টহল জোরদার করা অত্যন্ত জরুরি। অপরাধ দমনে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিশেষ করে সমাজে ক্যানসারের মতো ছড়িয়ে পড়া মাদক, চুরি, কিশোর অপরাধ এবং ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। একই সাথে বক্তারা উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং তৃণমূল পর্যায়ে শতভাগ জনসেবা নিশ্চিত করতে সব দপ্তরের কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন।
ব্যবসায়িক কেন্দ্র হিসেবে পরিচিত বেলকুচির বাজার ব্যবস্থাপনা আরও আধুনিক ও গতিশীল করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোক্তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি সক্রিয় ও তৎপর হওয়ার আহ্বান জানান উপজেলার নীতিনির্ধারকেরা।
