
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া। আজ রবিবার (১৭ মে) উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় সংগঠনের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের শাখা সভাপতি মোঃ মাহমুদুল হাসান, সেক্রেটারি এস এম শামীম, সহ-সভাপতি মোঃ সাজ্জাতুল্লাহ শেখ, আব্দুল মুনতাকিম, জয়েন্ট সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহ, আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপাচার্যের নিকট বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো:
১। শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ ও শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার সুষ্ঠু বিচার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।
২। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগে ইসলামিক স্টাডিজ কোর্স বহাল রেখে যথাযথ কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে।
৪। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখা ব্যক্তিবর্গের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থাপনা বা হলসমূহ তাদের নামে নামকরণের উদ্যোগ গ্রহণ করতে হবে।
সাক্ষাৎ শেষে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের হাত ধরে বিশ্ববিদ্যালয়টি তার গৌরবময় লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।
