শনিবার, মে ১৬

ঐক্যবদ্ধভাবে দেশ গঠন কাজে এগিয়ে আসতে হবে: বিমান ও পর্যটনমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে সকলকে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেথুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত জরুরি। আর এ উন্নয়নের ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তর থেকেই। তাই বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন এবং মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, সাবেক অফিস দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন, কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম বাদল,সদর থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক, বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ ফিরোজ, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জালাল উদ্দিন আহমেদ, বেতিলা মিতরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক বাবুসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। স্থানীয় বাসিন্দারা নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, এতে এলাকার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

স্থানীয় সরকার প্রকৌশলী অধীনে এই ভবনের নির্মাণ ব্যয় ৮৬ লক্ষ ৪৯ হাজার টাকা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *