শনিবার, মে ১৬

সাহিত্য-সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। দেশের কবি-সাহিত্যিকরা তাঁদের সাহিত্যকর্মের মাধ্যমে বিভিন্ন সময়ে বিপ্লব সৃষ্টি করেছেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই আন্দোলনের মধ্য দিয়েও সাহিত্য-সংস্কৃতির অনবদ্য অবদান রয়েছে।

তিনি বলেন, বর্তমানে সাহিত্য-সংস্কৃতি চর্চা এক ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাহিত্যের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের কৃষ্টি ও সভ্যতাকে তুলে ধরে এ অঙ্গনকে এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। তাহলেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

শুক্রবার (১৫ মে) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি-র আর্ট গ্যালারিতে সাহিত্যিক সংগঠন আবৃত্তি ইশ্কুল আয়োজিত ‘কাব্য ক্যানভাসে অনুভব’ শীর্ষক দিনব্যাপী কবিতা, অণুগল্প ও বইয়ের মোড়ক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে খুলনার কবি-সাহিত্যিকদের রচিত কবিতা, অণুগল্প ও প্রকাশিত বইয়ের মোড়ক প্রদর্শন করা হয়। অতীত ও বর্তমান কবি-সাহিত্যিকদের মধ্যে মেলবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

কেসিসি প্রশাসক আয়োজকদের অভিনন্দন জানিয়ে শিশু-কিশোরদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের আয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সংগঠনের সভাপতি আফরোজ জাহান চৌধুরী কলি-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক আব্দুল মান্নান, সংগঠনের উপদেষ্টা নাছিমা সুলতানা নিলু এবং জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সালমানুল মেহেদি মুকুট।

অনুষ্ঠান শেষে কেসিসি প্রশাসক প্রদর্শনী গ্যালারি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *