শনিবার, মে ১৬

সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রশিক্ষিত কর্মীবাহিনী প্রয়োজন: জাহিদুর রহমান

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাহিদুর রহমান বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলা অত্যন্ত জরুরি।

শুক্রবার (১৫ মে) মানিকগঞ্জের স্থানীয় শহীদ তিতুমীর একাডেমি মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষাশিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা দেলওয়ার হোসাইন। এছাড়াও জেলা জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে মাওলানা জাকিরুল ইসলাম খান, হাফেজ মাওলানা তাসলিম মিয়া, মাওলানা ফজলুল হক, অ্যাডভোকেট সালাহউদ্দিন ও অ্যাডভোকেট জামাল উদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে জাহিদুর রহমান বলেন, একটি আদর্শ সমাজ গঠনের জন্য দক্ষ, সচেতন ও নৈতিকতাসম্পন্ন কর্মী তৈরি করা অপরিহার্য। এ ধরনের শিক্ষাশিবির কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

দুই দিনব্যাপী এই শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন, আলোচনা, দিকনির্দেশনামূলক বক্তব্য এবং সাংগঠনিক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, কর্মীদের আদর্শিক উন্নয়ন, নেতৃত্বগুণ বৃদ্ধি এবং সাংগঠনিক দক্ষতা অর্জনের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সক্ষম হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *