
|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বদলগাছী থানার মাত্র আধা কিলোমিটার দূরত্বে অবস্থিত এ এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্যে মাদকসেবীদের আনাগোনা চললেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
সরজমিনে, আলোকিত দৈনিক প্রতিনিধি তথ্য সংগ্রহে গেলে মাদকসেবিরা টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন।
এলাকাবাসী ও সরজমিনে দেখা যায়, সেনপাড়ার বিভিন্ন নির্জন স্থান, রাস্তার পাশে, কিছু বসতবাড়ির আশেপাশে এবং আম বাগানে প্রতিনিয়ত মাদকসেবীরা জড়ো হয়ে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক সেবন করছে।
এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রতিদিনই এখানে বহিরাগত যুবকদের আড্ডা বসে। তারা প্রকাশ্যে মাদক সেবন করে এবং অনেক সময় অশালীন আচরণও করে। থানার এত কাছে এমন কর্মকাণ্ড চললেও কোনো দৃশ্যমান অভিযান দেখা যায় না।”
অভিভাবকদের অভিযোগ, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার কিশোর ও তরুণদের একটি অংশ ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, মাদক শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামাজিক অবক্ষয়ের অন্যতম বড় কারণ। দ্রুত প্রশাসনিক নজরদারি বৃদ্ধি ও নিয়মিত অভিযান পরিচালনা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এলাকাবাসী সেনপাড়া এলাকায় দ্রুত অভিযান পরিচালনা, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাজুড়ে নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, ঐ জায়গায় অভিযান করেছি, আমরা প্রতিদিন অভিযান অব্যাহত রেখেছি। তবে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে জানাবেন।
