
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
চলতি বছরের হজ যাত্রা শুরুর প্রথম পাঁচ দিনে বাংলাদেশ থেকে মোট ২৭ হাজার ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত হজ বুলেটিন ও বাংলাদেশ হজ অফিসের দেওয়া সর্বশেষ তথ্যে এই পরিসংখ্যান জানানো হয়েছে।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, হজ যাত্রার পঞ্চম দিনে সকাল ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মোট ৬৮টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ৭৪৭ জন, সৌদি এয়ারলাইন্সের ২৫টি ফ্লাইটে ৯ হাজার ৭৮২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে ৬ হাজার ৭৯৬ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী বাকি হজযাত্রীরাও পর্যায়ক্রমে পৌঁছাবেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন। বেসরকারি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মোট ৬৬০টি সংস্থা, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী সংস্থা কাজ করছে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
