
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, নতুন প্রজন্মের মাঝে জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সংস্কৃতি ছড়িয়ে দিতে সরকারের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই—এই দর্শনে একমত হয়ে ভবিষ্যতে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সরকার সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডা. জাহেদ উর রহমানসহ বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
