বুধবার, এপ্রিল ২২

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের ‘তারবিয়াত’ প্রোগ্রাম শুরু: রাতভর চলবে দ্বীনি শিক্ষা

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে এক বিশেষ ‘তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম শুরু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বাদ এশা থেকে ঝিনাইদহ জেলার মিনহাজুন নবুওয়াত মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হয়, যা একটানা ফজর পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

জেলা আমীর আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। তারবিয়াতের মূল অধিবেশনে ‘দারসে কুরআন’ পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। তিনি সমকালীন প্রেক্ষাপটে কুরআনি হেদায়েতের আলোকে ব্যক্তিগত ও সামাজিক জীবন গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ এই প্রশিক্ষণ অধিবেশনে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও আদর্শিক বিষয়ে বক্তব্য রাখবেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞা।

জেলা শাখার নায়েবে আমীর খন্দকার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন সামদানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদসহ ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখা থেকে আসা বিপুল সংখ্যক নেতা-কর্মী অত্যন্ত মনোযোগের সাথে এই তারবিয়াতে অংশগ্রহণ করছেন। রাতব্যাপী এই ইবাদত ও জ্ঞানভিত্তিক অধিবেশনে জিকির, বিশেষ নসিহত ও দোয়া-মোনাজাতের কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে। ফজর নামাজের পর বিশেষ দোয়ার মাধ্যমে এই আধ্যাত্মিক ও সাংগঠনিক সভার সমাপ্তি ঘটবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *