মঙ্গলবার, এপ্রিল ২১

বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে দ্রুতগতির একটি অটো রিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে কামারপাড়া বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত ব্যক্তি মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটো গাড়ির সাথে প্রচণ্ড জোরে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে মাথায় ও মুখে মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার সময় তার কাছে থাকা বিপুল পরিমাণ তাঁতের শাড়ি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর দীর্ঘ সময় ওই ব্যক্তির সঠিক পরিচয় পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়দের প্রচেষ্টায় অবশেষে তার পরিবারের সন্ধান মিলেছে। জানা গেছে, আহত ওই ব্যক্তির বাড়ি উপজেলার বেতিল এলাকায়। বর্তমানে তার পরিবারের সদস্যরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *