
|| নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সকালে একটি ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া সকাল ১০টায় এই শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
পুরো আয়োজনে ছিল উৎসবের আমেজ, যেখানে ইউআইটিএস-এর পক্ষ থেকে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। অতীতের সব ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছরে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় আনন্দঘন পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের সদস্যরা।
অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, ছাত্র কল্যাণ উপদেষ্টা শুভ দাস, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল মামুন শামীমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সব মিলিয়ে বাঙালির আবহমান সংস্কৃতিকে ধারণ করে প্রাণবন্ত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় বিশ্ববিদ্যালয়টি।
