মঙ্গলবার, এপ্রিল ১৪

গাজীপুরে মাদক সিন্ডিকেটের তাণ্ডব: ব্যবসায়ীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি

|| গাজীপুর প্রতিনিধি ||

গাজীপুর মহানগরে সক্রিয় একটি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় এক ব্যবসায়ী। মাদক ব্যবসায় সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানানোয় তাকে নির্যাতন, হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী মো. আলমগীর হোসেন গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একটি গ্রিল ওয়ার্কশপের মালিক। লিখিত অভিযোগ ও সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। স্থানীয়ভাবে পরিচিত মাদক চক্রের মূলহোতা হিসেবে পরিচিত ওয়াসিম ওরফে ‘কাইল্লা ওয়াসিম’-এর সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।

আলমগীর হোসেনের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি তাকে কৌশলে ডেকে একটি নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে আগে থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন অবস্থান করছিল। পুলিশি অভিযানের কারণে তাদের মাদক কার্যক্রম ব্যাহত হওয়ায় তাকে ইয়াবা পরিবহন ও আনা-নেওয়ার কাজে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি এতে রাজি না হলে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও ভয়ভীতি দেখানো হয়।

তিনি আরও দাবি করেন, পরবর্তীতে তাকে ধরে নিয়ে মারধর করে পায়ের রগ কেটে দেওয়া হয় এবং এলাকা ছেড়ে না গেলে কিংবা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নিলে হত্যার হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

অভিযোগকারী আরও বলেন, কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে এবং ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াই আমার অপরাধ হয়ে গেছে। আমি আমার জীবনের নিরাপত্তা চাই এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকেও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। তাদের মতে, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *