সোমবার, এপ্রিল ১৩

মরণফাঁদে পরিণত ঝুঁকিপূর্ণ ভবন: অপসারণে খুলনায় ডিসির দ্বারস্থ নাগরিক সমাজ

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

ভূমিকম্পসহ সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খুলনার সচেতন নাগরিক সমাজ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে এ স্মারকলিপি পেশ করা হয়।

সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাবু স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। এ অবস্থায় খুলনা মহানগরীর ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত অপসারণ না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ভূমিকম্পে নগরীর ৫ নম্বর ধর্মসভা ক্রস রোড এলাকায় অবস্থিত ‘নিউ ওমর মেডিকেল হল’-এর ছাদের একটি অংশ ধসে পড়ে। ভবনটির পাশেই সচেতন নাগরিক সমাজের প্রধান কার্যালয় অবস্থিত। সংশ্লিষ্ট ভবনটি অর্পিত সম্পত্তির ওপর নির্মিত এবং ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও লিজগ্রহীতা সেখানে অতিরিক্ত তলা নির্মাণ করেছেন, যা বেআইনি বলে অভিযোগ করা হয়।

ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত এ ভবনটি যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে বলেও স্মারকলিপিতে সতর্ক করা হয়।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের প্রতি জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, শাহ মো. ওহিদুজ্জামান জাহাঙ্গীর, হেকিম মতিয়ারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *