
|| বিনোদন ডেস্ক ||
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ মনোনীত হয়েছে বাংলাদেশের দুই চলচ্চিত্র। উৎসবের বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে যুবরাজ শামীমের ‘অতল’ ও আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। আগামী ১৬ এপ্রিল পর্দা উঠবে এই উৎসবের, যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
যুবরাজ শামীম এর আগে তার প্রথম সিনেমা ‘আদিম’ দিয়ে মস্কো উৎসব থেকে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ ও নেটপ্যাক সম্মাননা অর্জন করেছিলেন। এবার তার দ্বিতীয় সিনেমা ‘অতল’ উৎসবের ‘অ্যাপক্যালিপ্স নাউ’ সেকশনে প্রদর্শিত হবে।
অস্তিত্বসংকটে থাকা এক মানুষের মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় ও সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম তুষার। সিনেমাটি যুবরাজ শামীমের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘দরবার শরীফ’ থেকে নির্মিত হয়েছে।
অন্যদিকে, আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ প্রদর্শিত হবে উৎসবের ‘আর্টকোর’ বিভাগে। যাত্রাপালার বিবর্তন ও সময়ের সাথে দর্শকদের রুচির পরিবর্তন নিয়ে নির্মিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। চরিত্রটির জন্য নিজেকে আমূল বদলে প্রায় ৯ কেজি ওজন বাড়িয়েছিলেন ভাবনা।
নির্মাতা আসিফ ইসলামও এর আগে তার ‘নির্বাণ’ সিনেমার জন্য ৪৬তম মস্কো উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ লাভ করেছিলেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের সিনেমার এই জয়জয়কার দেশের চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
