রবিবার, এপ্রিল ১২

নাগেশ্বরীর দুধকুমার নদীতে ব্রীজের অভাবে জনদুর্ভোগ চরমে

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত দুধকুমার নদে একটি টেকসই সেতুর অভাবে ৫ থেকে ৯টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ চরম জনদুর্ভোগের শিকার হচ্ছেন। স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নদীর পূর্ব পাড়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

যোগাযোগের প্রধান অন্তরায় এই নদ পার হতে গিয়ে প্রতিনিয়ত মুমূর্ষু রোগীদের অবর্ণনীয় কষ্ট সইতে হয় এবং উন্নত চিকিৎসার জন্য সদরে নেওয়ার পথেই অনেক সময় প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষ করে নারায়ণপুর ইউনিয়ন থেকে আসা গর্ভবতী নারীদের ভোগান্তি চরমে পৌঁছেছে, অনেক ক্ষেত্রে হাসপাতালেও পৌঁছানো সম্ভব হয় না, নৌকাতেই সন্তান প্রসবের মতো ঘটনা নিয়মিত ঘটছে।

অথচ সোনাহাট স্থলবন্দরগামী সড়কে নতুন সেতুর নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘ সাত বছরেও তা শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বর্তমানে ঝুঁকি নিয়ে নৌকা ও জরাজীর্ণ সাঁকো দিয়েই পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষকে, যা বর্ষাকালে প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।

কৃষিপ্রধান এই চরাঞ্চলের মানুষের আয়ের প্রধান উৎস ফসলি জমি হলেও যাতায়াত ব্যবস্থার বেহাল দশায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। উৎপাদিত ফসল শহরে নিয়ে বিক্রি করতে গিয়ে অর্জিত মুনাফার একটি বড় অংশই চলে যায় অতিরিক্ত নৌকা ভাড়া।

নাগেশ্বরীর কালীগঞ্জ ও কচাকাটা এলাকার বাসিন্দারা জেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের ব্যবসায়ী ওসমান গনি জানান, মালামাল আনা-নেওয়ার অতিরিক্ত খরচের কারণে ব্যবসায় লাভ করা কঠিন হয়ে পড়েছে। যাতায়াতের করুণ অবস্থার বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা জসমত আলী জানান, অসুস্থ মানুষকে অনেক সময় কাঁধে বা চৌকিতে করে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হয়। সোনাহাট স্থলবন্দরের মালামাল পরিবহনেও অসম্পূর্ণ সেতুর কারণে ব্যবসায়ীদের অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে নিত্যপণ্যের দাম ও আমদানী-রপ্তানিতে।

এলাকাবাসীর দাবি, নির্মাণকাজে সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই আজ লাখো মানুষকে এই চরম মূল্য দিতে হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য দুধকুমার নদে কালীনগর ঘাটে একটি স্থায়ী সেতু এখন গণদাবিতে পরিণত হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, দুধকুমার নদের ওপর সেতু নির্মাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই এ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে এবং কালিগঞ্জ ঘাটে একটি টেকসই ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি জানানো হয়েছে।

স্থানীয়রা অবিলম্বে এই জনদুর্ভোগ লাঘবে সরকারের উচ্চ মহলের সরাসরি হস্তক্ষেপ ও দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *