বৃহস্পতিবার, এপ্রিল ৯

চিলমারীতে বালাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে বালাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুদ্দোজা বুলু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া। এরপর বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সাজেদুল ইসলাম। মোনাজাত শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ ও প্রবেশপত্র তুলে দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাধীন কুমার রায়, সহকারী শিক্ষক সাদাকাত সাজু, ছিদ্দিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মৃতিচারণ করতে গিয়ে বিদায়ী শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বিদ্যালয়ে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা স্মরণ করেন এবং শিক্ষা জীবনে শিক্ষকদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় শিক্ষার্থীরা শিক্ষকদের নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দেয়। তারা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে ভালোবাসার উপহারও তুলে দেয়।

সভাপতির বক্তব্যে মোঃ বদরুদ্দোজা বুলু বলেন, “পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রতিটি মুহূর্ত তোমাদের জন্য অত্যন্ত মূল্যবান। বিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা ও সততার যে শিক্ষা তোমরা পেয়েছ, তা বজায় রেখে তোমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে।”

শিক্ষকমণ্ডলীও তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এক চিরন্তন ও আবেগঘন বন্ধনের আবহে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *