
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, বেলকুচির আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম. গোলাম রেজা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বিকাশ, নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং বাস্তব জীবনে বিজ্ঞানভিত্তিক জ্ঞান প্রয়োগের লক্ষ্যে এই বিজ্ঞান মেলার আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ আয়োজন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
